যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসিবুর রহমান শান্ত (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক শান্ত বসতপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
পুলিশ জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) চঞ্চল কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বসতপুর উত্তর মাঠপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় আব্দুস সাত্তারের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে হাসিবুর রহমান শান্তকে আটক করা হয়।
পরে তার হেফাজত থেকে জব্দ তালিকার মাধ্যমে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।




















