ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিয়ের অনুষ্ঠানে বরপক্ষের জন্য পরিবেশন করা বড় থালায় (খদরে) খাসির মাংস না থাকায় ক্ষোভ প্রকাশ করে বিয়ে না করেই কনের বাড়ি থেকে চলে গেছেন জাপানপ্রবাসী বর জুনায়েদ।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটে। বর জুনায়েদ কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিয়ের দিন বর জুনায়েদ কনের বাড়িতে পৌঁছালে প্রথমে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। তবে ফুল দিয়ে বরণ করার বিষয়টি নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। এ সময় উপস্থিত লোকজনের সামনে বিরূপ মন্তব্য করেন জুনায়েদ। পরে ফুল ও গেটের আনুষ্ঠানিকতা শেষে তাকে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়।
এরপর আত্মীয়-স্বজনদের খাওয়া-দাওয়া শেষে বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বরপক্ষের জন্য বড় থালায় (খদরে) খাবার পরিবেশন করা হয়। সেখানে খাসির মাংস না থাকায় আপত্তি জানান বর জুনায়েদ। তিনি খাসি ছাড়া খাবেন না এবং খাসি না দিলে বিয়ের আনুষ্ঠানিকতাও করবেন না বলে জানান।
এ সময় কনেপক্ষের আত্মীয়-স্বজনসহ উপস্থিত অনেকে তাকে বোঝানোর চেষ্টা করেন। খাসির মাংস না থাকার বিষয়টি নিয়ে যেন বিয়ে ভেঙে না যায়, সেজন্য তাকে বিভিন্নভাবে অনুরোধ করা হয়। কিন্তু জুনায়েদ তার সিদ্ধান্তে অনড় থাকেন।
শেষ পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই একা কনের বাড়ি থেকে চলে যান তিনি।
কনের বাবা শফিক মিয়া বলেন, ‘আমাকে আগে জানানো হলে খদরে খাসির ব্যবস্থা করতাম। এ বিষয়ে আমাকে আগে কিছুই বলা হয়নি। এরপরও আত্মীয়-স্বজনসহ সবাই ছেলেকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু তিনি কোনোভাবেই রাজি হননি।’
স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কোনো মা-বাবাই চান না মেয়ের বিয়েতে এমন ঘটনা ঘটুক। তবে ছেলেটির কথাবার্তা কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে। খাসির বিষয়ে তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হলেও তিনি খাসি ছাড়া বিয়ে করতে রাজি হননি।’
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়।




















