যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়া উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার রাতে শহরের ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ফারুক হোসেন (৩০) বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের মতলেব হোসেনের ছেলে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) রাইসুল ইসলাম জানান, ২০২৪ সালের ১৮ নভেম্বর বিকেলে যশোর–চুকনগর সড়কের কানাইতলা এলাকায় একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, হাতবোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে সমবেত হয়ে নাশকতার চেষ্টা করে।
এ সময় চলাচলরত যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের চেষ্টা করা হয় বলে পুলিশের অভিযোগ। স্থানীয় লোকজন বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। পাশাপাশি কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে।
পুলিশ কর্মকর্তা জানান, মামলার প্রাথমিক তদন্তে ফারুক হোসেনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।




















