শার্শা (যশোর) প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামে পরকীয়া সম্পর্কের জেরে ইকরামুল নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর তার লাশ গোপনে বাড়ির মাটির নিচে পুঁতে রাখা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে এক দম্পতিকে আটক করেছে।
শনিবার (৯ মে ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির একটি নির্দিষ্ট স্থান খনন করে নিহত ইকরামুলের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বসতপুর গ্রামের এক গৃহবধূর সঙ্গে নিহত ইকরামুলের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল বলে এলাকায় ব্যাপক আলোচনা চলছিল। এ নিয়ে ওই গৃহবধূ ও তার স্বামীর মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ সৃষ্টি হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, হত্যার পর অভিযুক্তরা নিজেদের বাড়ির ভেতরে গোপনে লাশ পুঁতে রাখে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।
পুলিশ সূত্রে জানা যায়, সংবাদ পাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই গৃহবধূ ও তার স্বামীকে আটক করেছে পুলিশ।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।




















