টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৪ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটান্দি নতুনপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়ির নিচতলায় গোপন বৈঠকের সময় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই নজরুল ইসলাম ও এসআই রুবেল মিয়ার নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশ জানায়, এ সময় ডাকাতির প্রস্তুতি চলাকালে চারজনকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়।
গ্রেপ্তাররা হলেন— গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামের আহসান আলী আকন্দের ছেলে রবিউল (৩৮), ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের গোলাম হোসেনের ছেলে মনির ওরফে ন্যাংড়া মনির (৩৮), কালিহাতী উপজেলার শ্যামশৈল গ্রামের শামছুল হকের ছেলে শাহ আলম (৪৫) এবং একই গ্রামের আ. আজিজের ছেলে মাসুদ (৩২)।
তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত লোহার কাটার, কাটিং প্লাস, শিকল, কাঁচি, সুইচ গিয়ার, চাকু ও চাপাতি উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে এলাকায় পরিচিত ছিল।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, মাদক ও হত্যা সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ভূঞাপুর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।




















