যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ মোড় এলাকায় এক ভাঙারি ব্যবসায়ী ও তার স্ত্রীকে মারধর করে গুরুতর জখম করার পাশাপাশি প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (তারিখ উল্লেখিত) থানায় মামলাটি করেন ওই এলাকার মো. আব্দুস সালাম। মামলায় প্রতিবেশী বিষ্ণুপদর ছেলে প্রসেনকে একমাত্র আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী আব্দুস সালাম শংকরপুর গোলপাতা মসজিদ মোড় এলাকার আলতাফের বাড়ির ভাড়াটিয়া। গত ২৩ এপ্রিল রাত ১২টার দিকে বাসার সামনে ফাঁকা মাঠে ভাঙারির কাজ করার সময় পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী প্রসেন তাকে গালিগালাজ করেন।
পরে প্রতিবাদ করলে প্রসেন হাতে থাকা লোহার শাবল দিয়ে আব্দুস সালামের ওপর হামলা চালান। এতে তার বাম হাতের কবজির কাছে গুরুতর আঘাত লাগে এবং দুটি আঙুলের হাড় ভেঙে যায়। পাশাপাশি দুই পা ও ডান চোখের ওপর আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তাকে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলেও দাবি করেন তিনি।
এ সময় আব্দুস সালামের স্ত্রী রহিমা বেগম স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও শাবল দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন। অভিযোগে আরও বলা হয়, তাকে মারধর করার পাশাপাশি শাড়ি টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করা হয়।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা আহত দম্পতিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন।
কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



















