দেশের সবকটি বিভাগেই শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বজ্রঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি গতিতে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও ঝড়ের তীব্রতা আরও বাড়তে পারে।
এ সময় বজ্রপাত, প্রবল বৃষ্টিপাত এবং কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে উন্মুক্ত স্থান, নদী ও জলাশয় সংলগ্ন এলাকায় অবস্থানকারীদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ অঞ্চলে বজ্রমেঘের সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় এই ঝড়ো আবহাওয়ার সৃষ্টি হতে পারে। এর প্রভাবে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতাও দেখা দিতে পারে। পাহাড়ি এলাকাগুলোতে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকিও রয়েছে। (নদীবন্দরগুলোকে প্রয়োজনীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হতে পারে। নৌযান চলাচলকেও ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
সাধারণ মানুষকে ঝড়ের সময় ঘরের বাইরে অপ্রয়োজনে বের না হওয়া, নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং বজ্রপাতের সময় খোলা মাঠ, বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
চলমান এই কালবৈশাখী পরিস্থিতি দেশের তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি দিলেও, একই সঙ্গে জনজীবনে সাময়িক দুর্ভোগ ও ঝুঁকির কারণ হতে পারে। তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।




















