ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে নৃশংস হামলায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) এবং কাবুল (৪৫)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে আজগর মোল্লার বাড়ির উঠানে বসে ছিলেন ভুক্তভোগীরা। এ সময় আকাশ (২৮) নামে এক যুবক হঠাৎ কোদাল নিয়ে তাদের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি আঘাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় রিয়াজ মোল্লা (৪৫) গুরুতর আহত হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত আকাশ মানসিক ভারসাম্যহীন হতে পারে। ঘটনার পরপরই সে পালিয়ে যায়।
ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





















