বাংলাদেশ পুলিশ এর ইউনিফর্মে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাম্প্রতিক সময়ে পুলিশের পোশাকের রঙ নিয়ে বাহিনীর ভেতরে ও বাইরে চলমান আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে পুরোনো ঘরানার রঙে ফিরে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের শার্টে গাঢ় নীল এবং হালকা জলপাই (অলিভ) রঙের সংমিশ্রণ ব্যবহার করা হবে। তবে প্যান্টের রঙ অপরিবর্তিত রেখে খাকি (টিসি টুইল) রাখা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখা থেকে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ পাঠানো হয়েছে। অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, পূর্বে শার্টের রঙ লোহার ধূসর এবং প্যান্টের রঙ কফি নির্ধারণ করা হয়েছিল। তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে এ নিয়ে অসন্তোষ দেখা দেয় এবং সাধারণ মানুষের মধ্যেও নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পরিবর্তিত প্রস্তাবনায় বলা হয়েছে, দেশের সকল মেট্রোপলিটন পুলিশের শার্টের রঙ হবে হালকা অলিভ বা জলপাই। অন্যদিকে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র্যাব বাদে পুলিশের অন্যান্য ইউনিটের শার্টের রঙ নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল। তবে উভয় ক্ষেত্রেই প্যান্টের রঙ থাকবে খাকি (টিসি টুইল)।
নতুন রূপরেখা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি বিধিমালা সংশোধনের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউনিফর্ম পরিবর্তনের কারণে সরকারের ওপর কোনো অতিরিক্ত আর্থিক চাপ পড়বে না। বিদ্যমান বাজেট ও নিয়মিত সরবরাহ ব্যবস্থার মধ্যেই নতুন ইউনিফর্ম কার্যকর করা সম্ভব হবে।
দ্রুততম সময়ের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নতুন পোশাক কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বাহিনীর সদস্যদের সন্তুষ্টি বৃদ্ধি এবং পেশাগত গাম্ভীর্য বজায় রাখতেই এই রঙ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শিরোনাম:
বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে বড় পরিবর্তন আবার
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:২৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- ৫০৩
সর্বাধিক পঠিত




















