যশোরের চৌগাছা উপজেলায় ট্রাকচাপায় ইউছুপ আলী (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার হাকিমপুর গ্রামের আব্বাস আলী কালুর একমাত্র ছেলে এবং হাকিমপুর পরশমণি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
সোমবার (সকাল সাড়ে ৭টার দিকে) হাকিমপুর-বারবাজার সড়কের হাকিমপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ইউছুপ আলী বাড়ি থেকে বের হয়। স্কুল ব্যাগ কাঁধে নিয়ে সড়কে উঠতেই একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ট্রাকটি আটক করে এবং শিশুটির মরদেহ সড়কের ওপর রেখে বিক্ষোভ শুরু করে। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তারা ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায় এবং শিশুটির মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




















