পত্রিকা বিক্রির বকেয়া টাকা চাইতে গিয়ে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে যশোরে মিনিস্টার শো-রুমের সাবেক ম্যানেজার আবুল বাশারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার হকার আজিবর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আজিবর রহমান দীর্ঘদিন ধরে যশোর শহরে পত্রিকা বিলি করে জীবিকা নির্বাহ করে আসছেন। তিনি নিয়মিতভাবে শহরের একটি মিনিস্টার শো-রুমে পত্রিকা সরবরাহ করতেন। এ বাবদ শো-রুম কর্তৃপক্ষের কাছে তার ৩,৫০৩ টাকা পাওনা ছিল। এর মধ্যে শো-রুমের ম্যানেজার আবুল বাশার চাকরি থেকে অব্যাহতি পান।
পাওনা টাকা আদায়ের জন্য আজিবর প্রথমে আবুল বাশারের সঙ্গে যোগাযোগ করলে তিনি নতুন ম্যানেজারের কাছে যেতে বলেন। কিন্তু নতুন ম্যানেজার টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে আবুল বাশারের কাছ থেকেই পাওনা আদায়ের পরামর্শ দেন। পরে আবার আবুল বাশারের সঙ্গে যোগাযোগ করলে তিনি টাকা দিতে অস্বীকার করে ফোন কেটে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এরপর আজিবরের মোবাইল ফোনে “এসআই সাইফুল” পরিচয়ে এক ব্যক্তি কল দিয়ে টাকা চাইলে খুন করে গুম করে দেওয়ার হুমকি দেন। বিষয়টি যাচাই করে আজিবর জানতে পারেন, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে কোনো পুলিশ সদস্য নন; তিনি চৌরাস্তার গ্লোবাল মার্ট শো-রুমের একজন সেলসম্যান।
অভিযোগে আরও বলা হয়, গত ১৩ এপ্রিল ওই ব্যক্তির সঙ্গে সরাসরি দেখা করতে গেলে তিনি আজিবর রহমানকে খুন-জখমের হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন। এছাড়া আবুল বাশার বিভিন্ন সময় বিভিন্ন লোকের মাধ্যমে ফোন করে তাকে ভয়ভীতি প্রদর্শন করছেন বলেও অভিযোগ করেছেন তিনি।
বর্তমানে হকার আজিবর রহমান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।





















