যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী বাবুল গাজীকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উপজেলার কুলপালা-গাতীপাড়া (গুচ্ছগ্রাম)এলাকায়। ভুক্তভোগী শিশুটি স্থানীয় নাভারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী হওয়ার সুবাদে শিশুটি অভিযুক্ত বাবুল গাজীকে ‘মামা’ বলে সম্বোধন করত এবং মাঝেমধ্যে তাদের বাড়িতে যাতায়াত করত। সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে বাবুল গাজী শিশুটিকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে তার বসতঘরের শয়নকক্ষে ডেকে নিয়ে যায়।
সেখানে খাটের ওপর শুয়ে কার্টুন দেখার একপর্যায়ে বাবুল গাজী শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে।
ঘটনা জানাজানি হওয়ার পর ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বাবুল গাজীকেগ্রেপ্তার করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি)*মারুফ হোসেন*বিষয়টি নিশ্চিত করে জানান:
“অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। ভুক্তভোগী শিশুটি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। মঙ্গলবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে।”





















