যশোরের বসুন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে আলোচিত মাদক কারবারি বিথিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার বসতবাড়ি থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে বসুন্দিয়ার বিনিময় পাড়ায় বিথির বাড়িতে নিয়মিত ইয়াবা কারবার চলছে। এ তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টিম গঠন করা হয়।
শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে ওই টিম বিথির বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে তাকে নিজ বসতবাড়ি থেকে আটক করা হয় এবং তল্লাশি করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক বিথিকে রোববার আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয় সূত্র জানায়, বিথি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ ছিল এবং তাকে ঘিরে নানা আলোচনা চলছিল। অভিযানের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।




















