চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মালয়েশিয়া থেকে আমদানি করা প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টোর’ নামের জাহাজটি পৌঁছেছে। এটি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এর তত্ত্বাবধানে আনা হয়েছে। জাহাজটি মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী এবং এর দৈর্ঘ্য প্রায় ১৮৩.৬ মিটার। বুধবার (৮ এপ্রিল) রাত ৮:৩০টার দিকে এটি বহির্নোঙরে নোঙর করে।
জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন্স এর ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর নাগাদ অভিজ্ঞ পাইলটের তত্ত্বাবধানে এবং শক্তিশালী টাগবোটের সহায়তায় জাহাজটি বন্দর এর ৫ নম্বর ডলফিন জেটিতে ভেড়ানো হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানিবাহী জাহাজের বার্থিংকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি জাহাজ থেকে তেল ও গ্যাস খালাস সম্পন্ন হয়েছে এবং আরও কয়েকটি জাহাজ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, পাইপলাইনে আরও কিছু জ্বালানিবাহী জাহাজ রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই অকটেন চালান দেশের জ্বালানি সরবরাহকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



















