আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল করা এবং বন্দরের বিদ্যমান সমস্যা সমাধানে বেনাপোল স্থলবন্দরে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মানজারুল মান্নান।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে বেনাপোল বন্দর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে স্থলবন্দর চেয়ারম্যান বলেন, বন্দরে চলমান নানা সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি তাৎক্ষণিকভাবে একটি নতুন অ্যাম্বুলেন্স এবং মালামাল লোড-আনলোডের জন্য নতুন ক্রেন-ফর্কলিফট সরবরাহের আশ্বাস দেন।
এর আগে তিনি সম্প্রতি ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজাহান আলীর জানাজায় অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের হাতে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ খায়রুজ্জামান মধু, আমদানি-রপ্তানি কারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এবং বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক সহিদ আলীসহ সংশ্লিষ্টরা।
বৈঠকে ব্যবসায়ী নেতারা বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, দ্রুত পণ্য খালাস এবং শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। চেয়ারম্যান এসব বিষয় গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।




















