শার্শা উপজেলার উলাশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সম্ভাব্য প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। খালপাড় এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, রাস্তা সংস্কার, মাটি ভরাট এবং অস্থায়ী মঞ্চ নির্মাণসহ নানা কার্যক্রম জোরদার করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুমের নেতৃত্বে এবং উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শহিদ আলী, উলাশী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, স্থানীয় ওয়ার্ড সদস্য বদিউজ্জামানসহ নেতাকর্মীদের অংশগ্রহণে খালপাড়ের উন্নয়ন কাজ শুরু হয়। এসকো মেশিন দিয়ে মাটি কাটা ও রাস্তা সংস্কারের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ জানান, গত ২ এপ্রিল উলাশী খাল পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তিনি বলেন, ঐতিহাসিক এই খালটি ১৯৭৪ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা হয়েছিল। বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পুনঃখননের প্রস্তুতি চলছে এবং খুব শিগগিরই কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ শহিদ আলী বলেন, দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হলে কৃষি উৎপাদন বাড়বে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই খালটি ১৯৭৬ সালের ১ নভেম্বর প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে স্বেচ্ছাশ্রমে খনন করা হয়েছিল, যেখানে স্থানীয় জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। খালটি বর্ষা মৌসুমে শার্শার পাঁচটি বিলের পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত এবং কৃষিজমি চাষের উপযোগী করত।
এর আগে বৃহস্পতিবার খাল এলাকা পরিদর্শন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি কাজের অগ্রগতি ও স্থানীয় উপকারিতা সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত নেতৃবৃন্দ উলাশী খাল পুনঃখননকে এলাকার সার্বিক উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি খাতের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দ্রুত ও সুষ্ঠু বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।





















