যশোরের কোতয়ালী থানার বিজয়নগর এলাকায় জমিতে প্রস্রাব করাকে কেন্দ্র করে ইজাজুল ইসলাম সোহাগ (৩২) নামে এক কমিউনিটি পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) বেলা আনুমানিক ১টার সময় এই হামলার ঘটনা ঘটে। আহত সোহাগ বিজয়নগর গ্রামের আব্দুল গফফার সরদারের ছেলে এবং পেশায় একজন শহর যানজট নিরসন কর্মী (কমিউনিটি পুলিশ)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ি থেকে চুড়ামনকাঠি বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন সোহাগ। পথে বিজয়নগর রাস্তার মাথায় একটি ফাঁকা জমিতে প্রস্রাব করতে দাঁড়ালে জমির মালিক আরশাদ আলী (৪৫) তাতে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আরশাদ আলী উত্তেজিত হয়ে তার কাছে থাকা চাকু দিয়ে সোহাগের পিঠের বাম পাশে আঘাত করে রক্তাক্ত জখম করেন।
আহত অবস্থায় সোহাগকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযুক্ত আরশাদ আলী একই উপজেলার ছাতিয়ানতলা গ্রামের হামজা সরদারের ছেলে। হামলার ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এই বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন দায়িত্বরত কর্মীর ওপর এমন হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।




















