যশোরের শার্শায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নূর ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে লাঠি দিয়ে পিটিয়ে বাম পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বড় নিজামপুর গ্রামে ভিকটিমের নিজ বাড়িতে এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
আহত নূর ইসলাম বড় নিজামপুর গ্রামের মৃত হাজী শামসুল হকের ছেলে। স্থানীয় ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে নূর ইসলামের সাথে তার ভাই রফিকুল ইসলাম ও স্থানীয় মুক্তর বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার দুপুর ১টার দিকে সিরাজ চেয়ারম্যানের ছেলে মুক্ত (৫০) ও নূর ইসলামের বড় ভাই রফিকুল ইসলাম (৭৩) দেশীয় লাঠিসোটা নিয়ে নূর ইসলামের বাড়িতে অতর্কিত প্রবেশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িতে ঢুকেই বিবাদীরা নূর ইসলামকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তারা কাঠের লাঠি দিয়ে নূর ইসলামকে বেধড়ক মারধর করেন। হামলাকারীরা সরাসরি তার পায়ে আঘাত করলে তার বাম পায়ের হাড় ভেঙে চুরমার হয়ে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
হামলার পর স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার শিকার নূর ইসলামের পরিবার এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।









