যশোরের কচুয়া এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সোহাগ চার মাস পেরিয়ে গেলেও গ্রেপ্তার না হওয়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।
রোববার (২৯ মার্চ) দুপুরে প্রেসক্লাব যশোর-এর সামনে ভুক্তভোগী শিশুর পিতা লাবু সরদারের নেতৃত্বে এক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দ্রুত আসামি গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত বছরের ৪ ডিসেম্বর খাবারের প্রলোভন দেখিয়ে একই এলাকার সোহাগ শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক থাকলেও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে সে বিভিন্ন স্থানে অবস্থান করছে বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগীর পরিবার জানায়, সোহাগের স্বজনরা মামলা তুলে নিতে তাদের নিয়মিত ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ করেন তারা।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে সোহাগকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক—চৌরাস্তা, কোতোয়ালি থানা মোড়, চিত্রা মোড় ও দড়াটানা এলাকা প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন ঘুরে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন লাবু সরদার, গোলাম কাদের, মনিরুল ইসলাম, মফিজুর রহমান, মোহাম্মদ আলীসহ কচুয়া ইউনিয়নের রায়মানিক সরদারপাড়া গ্রামের সর্বস্তরের মানুষ।





















