যশোরের ঝিকরগাছায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় লুৎফর রহমান (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের গুলবাপপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত লুৎফর রহমান ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লুৎফর রহমান নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় একই গ্রামের জাহিদুল, ফিরু মিয়া ও আহাম্মদ আলী চাঁদার দাবিতে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
লুৎফর রহমানের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের স্বজনদের দাবি, চাঁদা না পেয়েই পরিকল্পিতভাবে এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





















