মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
স্মৃতিসৌধ থেকে শেরেবাংলা নগর
ভোর ৬টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে সকাল ৭টায় তিনি রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে উপস্থিত হন।
প্রধানমন্ত্রী প্রথমে ব্যক্তিগতভাবে এবং পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তাঁর পিতামাতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
দিনের পরবর্তী কর্মসূচি
সকাল ৯টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত বর্ণাঢ্য ‘কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।





















