যশোরের সিনিয়র সাংবাদিক, লেখক ও সাংস্কৃতিক সংগঠন ‘প্রাচ্যসংঘ’-এর প্রতিষ্ঠাতা বেনজীন খানকে আদালত প্রাঙ্গণে লাঞ্ছিত ও হেনস্তা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে যশোর জজ আদালত চত্বরে আইনজীবী লতিফুর রহমান খোকন ও তার ছেলে মেহেদী হাসান বাপ্পীর বিরুদ্ধে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী বেনজীন খান জানান, তিনি একটি জমিজমা সংক্রান্ত মামলার বাদী হিসেবে গত ১৫ বছর ধরে আদালতে হাজিরা দিয়ে আসছেন। মঙ্গলবার মামলার ধার্য দিনে দীর্ঘসূত্রতা নিয়ে আইনজীবীর কাছে জানতে চাইলে অ্যাডভোকেট খোকন ও তার ছেলে বাপ্পী ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ অনুযায়ী, তারা প্রবীণ এই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, ধাক্কা দেন এবং “সাংবাদিক হয়ে যা পারিস লেখ, আমাদের কিছুই হবে না” বলে হুমকি প্রদান করেন। পরে উপস্থিত লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত এই বাবা-ছেলের বিরুদ্ধে আগেও মক্কেলকে মারপিটের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শাহানারা খাতুন নামে এক নারী মক্কেলকে চেম্বারে ডেকে মারধর করার অভিযোগে জেলা আইনজীবী সমিতি তাদের শোকজ করেছিল। সাধারণ আইনজীবীদের মতে, সহকর্মীদের সঙ্গেও তাদের আচরণ প্রায়ই অপেশাদার হয়ে থাকে।
এই ঘটনার পর এক যৌথ বিবৃতিতে সাংবাদিক ইউনিয়ন যশোর-এর সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেন, “আদালত প্রাঙ্গণে একজন প্রবীণ সাংবাদিকের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত।” নেতৃবৃন্দ অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পাল্টা দাবি ও সমিতির অবস্থান
অভিযোগ অস্বীকার করে আইনজীবী লতিফুর রহমান খোকন দাবি করেন, তিনি নিজেই হেনস্তার শিকার হয়েছেন। অন্যদিকে, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, তারা লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।




















