আলী হোসেন ফকির-এর বাগেরহাটের বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাড়ির বৈদ্যুতিক মিটারের তার কেটে নিয়ে যাওয়ায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম হোসেন। তিনি জানান, বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় আইজিপির একটি চারতলা বাড়ি রয়েছে। সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই বাড়ির বিদ্যুৎ মিটারের তার চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় পুরো বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভাগ সংযোগ পুনরায় চালু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িটি বর্তমানে ভাড়া দেওয়া রয়েছে। আইজিপি বা তার পরিবারের সদস্যরা বাগেরহাটে গেলে দোতলার একটি ইউনিটে অবস্থান করেন।
ঘটনার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।





















