দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করা আলোচিত চরমপন্থী নেতা নাসির শেখ গোফরান অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। যশোরের অভয়নগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় আতঙ্কের নাম হয়ে ওঠা গোফরানকে তার সহযোগী সোহেল রানাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, গোফরান নিজেকে ‘বিপ্লবী কমিউনিস্ট পার্টি’র নেতা পরিচয় দিয়ে একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলে। এই বাহিনীর মাধ্যমে যশোর, খুলনা ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দখলবাজির সঙ্গে জড়িত ছিল সে। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা ও চাঁদাবাজিসহ ২০টিরও বেশি মামলা রয়েছে। এর মধ্যে ১১টি মামলায় তার বিরুদ্ধে সক্রিয় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। অপরদিকে তার সহযোগী সোহেল রানার বিরুদ্ধেও অন্তত সাতটি মামলা রয়েছে।
সোমবার দুপুরে যশোর জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১ মার্চ গভীর রাতে অভয়নগর উপজেলার গোপিনাথপুর গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে গোফরান বাহিনী। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা নগদ ২০ হাজার টাকা, একটি মোটরসাইকেল, ল্যাপটপ ও মোবাইল ফোন লুট করে নেয়।
ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী চক্রটিকে নজরদারিতে রাখে এবং তাদের ধরতে ব্যাপক অভিযান শুরু করে। পরে ডিবির এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ দল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে শনিবার খুলনার রূপসা উপজেলার জাবুসা গ্রাম থেকে গোফরান ও তার সহযোগী সোহেল রানাকে আটক করে।
এ সময় গোফরানের কাছ থেকে একটি ইয়ামাহা মোটরসাইকেল ও একটি ল্যাপটপ এবং সোহেল রানার কাছ থেকে একটি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




















