বেনাপোলের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণ সমাজকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌরসভার প্রশাসক মোঃ ফজলে ওয়াহিদ।
রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বেনাপোল ক্রীড়া সংস্থা (বিএকেএস)-এর নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বেনাপোল এলাকার ক্রীড়াঙ্গনের বর্তমান অবস্থা, তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বেনাপোলে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার অত্যন্ত প্রয়োজন। এজন্য নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, প্রশিক্ষণের ব্যবস্থা এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন জরুরি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে ওয়াহিদ বলেন, তরুণ সমাজকে সুস্থ ও ইতিবাচক ধারায় রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়া সংগঠনগুলো উদ্যোগ নিলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে বেনাপোল ক্রীড়া সংস্থা (বিএকেএস)-এর নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব রাহানুজ্জামান দিপু। এছাড়া আজিজুল হক, বাসেদ মল্লিক, সাঈদুর রহমান, বনি, শাওন, শাহিনসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
।




















