খুলনার কয়রায় বিয়ের আনন্দ মিছিলে শোকের কালো ছায়া নেমে এসেছে। রামপাল বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর স্টাফ বাসের সঙ্গে বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত নববধূ মিতু, তার ছোট বোন ও দাদিসহ ১৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার ভোর সাড়ে ৪টায় নববধূ মিতু (১৮), তার ছোট বোন লামিয়া (১১) এবং দাদি রাশিদা বেগমের (৭৫) মরদেহ উত্তর নাকশা গ্রামের বাড়িতে পৌঁছায়। কফিনগুলো বাড়িতে পৌঁছানো মাত্রই শুরু হয় স্বজনদের গগনবিদারী আর্তনাদ। কান্নায় ভারি হয়ে ওঠে পুরো এলাকার আকাশ-বাতাস।
শুক্রবার সকাল ১০টায় উত্তর নাকশা গ্রামে নিহতদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে চোখের জলে তাদের শেষ বিদায় জানান এলাকাবাসী।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার নাকশা গ্রামের সালাম মোড়লের মেয়ে মিতুর সাথে রামপাল এলাকার সাব্বির হোসেনের বিয়ে হয়। বৃহস্পতিবার সকালে নববধূ মিতু তার ছোট বোন ও দাদিকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে রামপাল বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে মোংলা থেকে আসা একটি স্টাফ বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নববধূ ও তার স্বজনসহ ১৪ জন প্রাণ হারান।
অলৌকিকভাবে বেঁচে যাওয়া ভাই
নিহত নববধূর বাবা সালাম মোড়ল জানান, তার একমাত্র ছেলে ইসমাইলও ওই গাড়িতে উঠতে চেয়েছিল। কিন্তু জায়গা না থাকায় তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। অবুঝ শিশুটি তখন জানত না, এই জেদই আজ তাকে নতুন জীবন দান করবে। তবে দুই মেয়ে আর মাকে হারিয়ে সালাম মোড়ল এখন প্রায় উন্মাদপ্রায়।
নাকশা ডিএফ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আশরাফুল ইসলাম বলেন,
> “মিতু আমাদের মাদ্রাসার আলিম শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। তার এমন অকাল মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। পুরো মাদ্রাসা আজ শোকাচ্ছন্ন।”
>
আমাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল বলেন, এই ইউনিয়নে এর আগে কখনও এমন বড় ট্র্যাজেডি ঘটেনি। পুরো ইউনিয়নের মানুষ আজ শোকে স্তব্ধ।
কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম জানান, পুলিশি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং যথাযথ মর্যাদায় তাদের দাফন সম্পন্ন হয়েছে।




















