যশোরে ওষুধ ব্যবসায়ী অপহৃত হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার আবিদ হোসেন (২৬) নামে গ্রামীণফোনের এক বিক্রয় প্রতিনিধিকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃতের পরিবারের দাবি, তাকে মুক্ত করতে ১ লাখ টাকা মুক্তিপণ চেয়ে দফায় দফায় ফোন ও মেসেজ দিচ্ছে অপহরণকারীরা।
আবিদ হোসেন যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি গ্রামীণফোনের ছাতিয়ানতলা অফিসে মার্কেটিং ও সেলস বিভাগে কর্মরত। এই ঘটনায় বুধবার দিবাগত রাতে আবিদের স্ত্রী মিনি খাতুন কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আবিদ। দুপুরে স্ত্রীকে ফোনে জানান তিনি মধ্যাহ্নভোজের জন্য দোকানে যাচ্ছেন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাত ৮টার দিকে অফিস থেকে তার অবস্থান জানতে চাওয়া হলে পরিবার বিচলিত হয়ে পড়ে।
আবিদের স্ত্রী মিনি খাতুন জানান, রাত ৯টার দিকে একটি অপরিচিত নম্বর (০১৩১২১১৮৪৮৮) থেকে তার ফোনে কল আসে। ফোন ধরতেই আবিদ কান্নাজড়িত কণ্ঠে তাকে বাঁচানোর আকুতি জানান। এর কিছুক্ষণ পর আবিদের বাবার ফোনে কল করে ১ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে আবিদকে মেরে ফেলার হুমকি দিয়ে তার বাবার হোয়াটসঅ্যাপে মেসেজও পাঠানো হয়েছে। অপহরণকারীরা জানায়, আবিদের কাছে থাকা নগদ টাকা ও রিচার্জ কার্ড তারা ছিনিয়ে নিয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, বিষয়টি নিয়ে পুলিশ গুরুত্বের সাথে কাজ করছে এবং নিখোঁজ যুবককে উদ্ধারে অভিযান শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ২ মার্চ যশোর শহরের শংকরপুর এলাকা থেকে ১ কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত হওয়া ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর গত রাতে (১১ মার্চ) চৌগাছা থেকে উদ্ধার করেছে র্যাব। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের অপহরণের এই ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ছড়িয়েছে।
০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম:
যশোরে গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধিকে ‘অপহরণ’, মুক্তিপণ দাবি ১ লাখ টাকা
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৫:০২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- ৫১০
সর্বাধিক পঠিত




















