যশোর শহরের রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৪০ পুরিয়া গাঁজাসহ শিরিনা বেগম (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রেলস্টেশনের পূর্ব পাশে টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শিরিনা বেগম ওই এলাকার মুনতাজ আলীর মেয়ে। পুলিশের তথ্যমতে, শিরিনার বিরুদ্ধে ইতোপূর্বে ১৯টি মাদক মামলা রয়েছে।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এসআই মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে সন্দেহভাজন হিসেবে শিরিনা বেগমকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৪০ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ।
দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত শিরিনার বিরুদ্ধে থানায় ১৯টি মামলা চলমান থাকলেও তিনি থেমে ছিলেন না। সর্বশেষ এই ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।





















