যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৮৮ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় ‘এসকফ’ (ESKUF) সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ মার্চ) রাতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর একটি চৌকস টহল দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত সুরক্ষা ও মাদক নির্মূলে বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সাফল্য এসেছে। দীর্ঘদিন ধরে সীমান্তে চোরাচালান ও মাদক পাচারকারী চক্র দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাতে রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে মাদকের একটি চালান আসার গোপন সংবাদ পায় বিজিবি। সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে ওত পেতে থাকেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৮৮ বোতল ভারতীয় এসকফ সিরাপ উদ্ধার করা হয়।
:
২১ বিজিবির অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকা দিয়ে মাদক ও অন্য যেকোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত মাদকের চালানটি যথাযথ আইনি প্রক্রিয়ায় ধ্বংস করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





















