যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মিম্মা (৭) নামের ওই শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আজ মঙ্গলবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশু মিম্মা যশোর সদর উপজেলার শংকরপুর এলাকায় তার নানি হালিমা বেগমের বাড়িতে থাকত। সে স্থানীয় গোলপাতা মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। গত সোমবার (০২ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে নানির ভাই হাফিজুল (৪০) বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে শিশুটিকে ফুসলিয়ে তার ভাড়া বাসায় নিয়ে যায়। অভিযোগ উঠেছে, সেখানে নিয়ে হাফিজুল শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়।
আজ মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।
অভিযুক্ত হাফিজুল সাতক্ষীরা জেলার বাসিন্দা। সে বর্তমানে যশোর মেডিকেল কলেজ সংলগ্ন আফজাল হোসেনের বাড়ির পাশে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে বলে জানা গেছে।
পরিবারের দাবি ও আইনি পদক্ষেপ
ভুক্তভোগী শিশুটির পরিবার এই জঘন্য অপরাধের জন্য অভিযুক্ত হাফিজুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বিষয়টি ইতোমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।





















