যশোর শহরের টাউনহল ময়দান এলাকায় সেলাই মেশিন বসানো নিয়ে কথা কাটাকাটির জেরে মিঠু (২৬) নামে এক তরুণকে কাইঁচি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (০২ মার্চ) বিকেলে কোতোয়ালী মডেল থানার টাউনহল ময়দানের সীমানা ঘেঁষা রাস্তায় এই ঘটনা ঘটে।
আহত মিঠু যশোর পৌরসভার ৫ নং ওয়ার্ডের খড়কী কলাবাগান পাড়ার মন্টুর ছেলে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত ব্যক্তির নাম সাইফুল (৪০)। তিনি শহরের বারান্দিপাড়া মাঠপাড়া এলাকার মৃত মমিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল ওই এলাকায় সেলাইয়ের কাজ করেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে টাউনহল ময়দান সংলগ্ন রাস্তায় সেলাই মেশিন বসানোকে কেন্দ্র করে মিঠুর সাথে সাইফুলের কথা কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে সাইফুল উত্তেজিত হয়ে তার কাজের কাইঁচি দিয়ে মিঠুর শরীরে আঘাত করেন। এতে মিঠু রক্তাক্ত জখম হন। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সাইফুল ঘটনাস্থল থেকে সটকে পড়েন।
আহত মিঠুর অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের না হলেও বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। জনবহুল টাউনহল এলাকায় দিনে-দুপুরে এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।





















