যশোরের বাঘারপাড়া উপজেলায় এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাঘারপাড়া উপজেলার চারাভিটা এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মোহাম্মদ আবুজার (২৩)। তিনি চারাভিটা গ্রামের আজগর আলীর ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
আবুজারের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১২:৩০ মিনিটের দিকে চারাভিটা বাজারের ‘ইমান আলীর হোটেল’-এর কর্মচারী তোফাজ্জল (৩০) আবুজারকে তার বাড়ির পাশে নির্জন স্থানে ডেকে নিয়ে যান। সেখানে কথা বলার একপর্যায়ে তোফাজ্জল হঠাৎ ধারালো চাকু দিয়ে আবুজারের গলায় আঘাত করেন।
হামলার পর আবুজার মাটিতে লুটিয়ে পড়লে তোফাজ্জল তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা এবং দুটি দামি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আবুজারের গোঙানি ও চিৎকার শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। রক্তাত্ব অবস্থায় তাকে উদ্ধার করে রাত দেড়টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আবুজারের গলার আঘাত বেশ গভীর এবং তার অবস্থা বর্তমানে গুরুতর।
> “আমরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে এনেছি। তোফাজ্জল পরিকল্পিতভাবে ডেকে নিয়ে এই কাজ করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
> — আবুজারের স্বজন ### পুলিশের পদক্ষেপ
> ঘটনার পর থেকে অভিযুক্ত তোফাজ্জল পলাতক রয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।
>





















