যশোরে জমি দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী নেতা নিজের নিরাপত্তা চেয়ে রোববার (২২ ফেব্রুয়ারি) কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
:
জিডি সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর জামতলা মোড়ে অবস্থান করছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন। অভিযোগ করা হয়েছে, সেখানে আকস্মিকভাবে একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপুল হোসেন ওরফে বিপুল মহুরি তার ওপর চড়াও হন এবং প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেন।
ভুক্তভোগী সোহরাব হোসেনের দাবি, সুজলপুর মৌজায় জনৈক আমির হোসেনের সাত শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছেন বিপুল হোসেন ও স্থানীয় শিমুল হোসেন নামের দুই ব্যক্তি। সোহরাব হোসেন এই অন্যায়ের প্রতিবাদ করে আসছিলেন। এর আগে জমির মালিক আমির হোসেন শনিবার থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন। জমি দখল চেষ্টার প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে বিপুল হোসেন তাকে হত্যার হুমকি দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
:
তবে অভিযোগের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন বিএনপি নেতা বিপুল হোসেন ওরফে বিপুল মহুরি। তিনি দাবি করেন, এ ধরনের কোনো ঘটনার কথা তার জানা নেই এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন।
:
নিরাপত্তাহীনতায় ভোগা সোহরাব হোসেনের করা সাধারণ ডায়েরিটি (জিডি নম্বর-১৫২৭) গ্রহণ করেছে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।





















