বিদ্যুৎ ঘাটতির চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আসন্ন পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে যশোর সার্কিট হাউজে জেলা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, “বিদ্যুতের বর্তমান ঘাটতিকে কীভাবে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা যায় এবং দুর্ভোগ কমানো যায়, তা নিয়ে আমরা কাজ শুরু করেছি।” সংকট কাটিয়ে উঠতে তিনি দেশবাসীর কাছে কিছুটা সময় ও ধৈর্য প্রার্থনা করে বলেন, সুপরিকল্পিত পদক্ষেপের মাধ্যমেই বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা সম্ভব।
বোরো মৌসুমে কৃষকদের নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “রমজানের পরপরই সেচ মৌসুমের মূল চাপ শুরু হবে। কৃষকদের পানি সেচ নিশ্চিত করা আমাদের শীর্ষ অগ্রাধিকার। প্রয়োজনে অন্য খাত থেকে বিদ্যুৎ রেশনিং করে হলেও সেচ মৌসুমে কৃষকদের চাহিদাকে প্রাধান্য দেওয়া হবে।” এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আগাম প্রস্তুতি নেওয়ার কঠোর নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর শুক্রবার দুই দিনের সফরে নিজ জেলা যশোরে আসেন অনিন্দ্য ইসলাম অমিত। সকালে যশোর বিমানবন্দরে পৌঁছালে তাকে রাষ্ট্রীয়ভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর সার্কিট হাউজে পৌঁছালে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এ সময় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে নতুন প্রতিমন্ত্রীর হাত ধরে যশোর তথা দক্ষিণাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করার আশা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ও ওজোপাডিকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার বিদ্যুৎ খাতের বর্তমান চিত্র ও সমস্যাগুলো তুলে ধরলে প্রতিমন্ত্রী তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।





















