ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দীর্ঘ ১৮ মাস আত্মগোপনে থাকার পর রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিল ও স্লোগান দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুব মহিলা লীগের একদল নেত্রী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়ির সামনে হঠাৎ ১০-১২ জন নেতাকর্মী জড়ো হন। এই ঝটিকা কর্মসূচির নেতৃত্বে ছিলেন যশোর জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী।
তাদের হাতে ছিল জাতীয় পতাকা এবং শেখ মুজিবুর রহমানের ছবি। দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত ও আগুনে পোড়া অবস্থায় থাকা কার্যালয়টির প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে তারা কিছুক্ষণ দলীয় স্লোগান দেন। সংক্ষিপ্ত এই কর্মসূচি শেষ করে দ্রুত তারা এলাকা ত্যাগ করেন।
ধানমন্ডির এই কার্যালয়টি ২০০২ সাল থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিক্ষুব্ধ জনতা ভবনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এরপর থেকে গত দেড় বছর ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভবনটি বর্তমানে মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে। ৫ আগস্টের পর সেখানে কোনো নেতাকর্মী আসার সাহস না পেলেও মাঝেমধ্যে কেউ এলে স্থানীয়রা তাদের ধরে পুলিশে সোপর্দ করার নজিরও রয়েছে।
নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এমন আকস্মিক উপস্থিতিতে এলাকায় চাঞ্চল্য ও উত্তজনা সৃষ্টি হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এই প্রথম রাজধানীর গুরুত্বপূর্ণ কোনো পয়েন্টে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এমন সরাসরি উপস্থিতি দেখা গেল।





















