নরসিংদীতে ধর্ষণ মামলায় জড়িতদের এবং তাদের সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধীদের কেউ আশ্রয় দেওয়ার চেষ্টা করলে তাদের শিকড়সহ উপড়ে ফেলা হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
সংসদের প্রথম অধিবেশনেই ১৩৩ অধ্যাদেশ পেশ
আইনমন্ত্রী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে যতগুলো অধ্যাদেশ জারি করা হয়েছে, তার সবকটিই আইন হিসেবে পাসের জন্য সংসদে পেশ করা হবে। তিনি বলেন, “সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের করা ১৩৩টি অধ্যাদেশের প্রতিটি বিল আকারে পেশ করা হবে।”
মামলা জট ও বিচার বিভাগের স্বাধীনতা
দেশের বিচার ব্যবস্থায় মামলা জটকে একটি ‘প্রকট সমস্যা’ হিসেবে অভিহিত করে মন্ত্রী বলেন, এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি যোগ করেন, “কেউ যদি বিচার বিভাগের স্বাধীনতার অপব্যবহার করেন, তবে বিষয়টি সুপ্রিম কোর্ট খতিয়ে দেখবেন।”
মাদক, সন্ত্রাস, রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং হানাহানি বন্ধে প্রশাসনকে শতভাগ নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী। তিনি কঠোরভাবে বলেন, “গুটিকয়েক দুষ্কৃতিকারীর অপকর্মের কারণে সরকারের ভালো কাজের ভাবমূর্তি কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।”
এ সময় উপস্থিত ছিলেন:
* ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ
* পুলিশ সুপার মাহফুজ আফজাল
* জেলা বিএনপি সভাপতি এমএ মজিদ
* বিশিষ্ট ব্যক্তি রাশেদ খান সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।










