যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৫১ লাখ ১৬ হাজার ১৪২ টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ খালেদ হোসেন নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক খালেদ মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের বাদশা মিয়ার ছেলে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, শনিবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন খালেদ হোসেনকে তল্লাশি করলে তার প্যান্টের পকেট থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৩৩.২৬ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
স্বর্ণের পাশাপাশি তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ৫১ লাখ ১১ হাজার ৮৯২ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক খালেদ স্বীকার করেছেন যে, তিনি ঢাকার তাঁতীবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করেছিলেন। বারগুলো যশোর ও চৌগাছা সীমান্ত হয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তার।
আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।





















