আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর কঠোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল নেতৃত্ব। একইসঙ্গে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া কোনো যুবদল নেতা-কর্মীকে ছাড় দেওয়া হবে না এবং এমন কর্মকাণ্ডের জন্য তাকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করা হবে।
সোমবার শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা যুবদলের আয়োজনে “ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিতে জাতীয়তাবাদী যুবদলের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা থেকে এই কঠোর বার্তা দেওয়া হয়
জেলা যুবদল আহ্বায়ক এম তমাল আহমেদ-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আনসারুল হক রানা-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল কবীর পল।
সূত্র জানায়, রুদ্ধদ্বার বৈঠকের মতো অনুষ্ঠিত এই সভায় আসন্ন নির্বাচনে যুবদলের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দ্রুতই উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের প্রতিটি ইউনিটে পৌঁছে দেওয়া হবে
।
বৈঠকে কেন্দ্রীয় নেতারা জানতে পারেন যে, যশোর-১, যশোর-২, যশোর-৪ এবং যশোর-৬ আসনের যুবদলের কয়েকজন নেতা দলীয় মনোনীত প্রার্থীর বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। তারা প্রার্থী ঘোষণার পর থেকেই ক্ষোভ প্রকাশ, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া এবং জনসমাগমেও ভিন্নমত তুলে ধরছেন।
* বিশেষ করে যশোর-১ ও যশোর-২ আসনে যুবদলের কয়েকজন শীর্ষ নেতা প্রকাশ্যে ধানের শীষের বিপক্ষে অবস্থান নেওয়ায় তাদের কড়া হুঁশিয়ারি দেওয়া হয়।
* সতর্ক করার পরও যদি তারা অবস্থান পরিবর্তন না করেন, তবে তাদের বহিষ্কার করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
শোকজ ও সতর্কতা জারি
দলীয় সূত্রে আরও জানা যায়, ধানের শীষের মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার অভিযোগে ইতোমধ্যে ঝিকরগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জের হোসেন লিটন এবং পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কমলকে শোকজ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের শৃঙ্খলা ভঙ্গ অব্যাহত থাকলে বহিষ্কারের সিদ্ধান্তও জানিয়ে দেওয়া হয়।
এছাড়াও, শার্শা উপজেলা যুবদল আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের মোস্তাফিজুর রহমান বাবু এবং রায়হানুজ্জামানকে সতর্ক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ—তারা ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির পক্ষে মাঠে সক্রিয় না হয়ে মনোনয়নবঞ্চিত নেতাদের সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন।
বৈঠকে উপস্থিত যুবনেতাদের প্রতি কেন্দ্রীয় সহসভাপতি রেজাউল কবীর পল যশোর–২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নীর বিজয় নিশ্চিত করার জন্য কর্মীদের প্রতি দিকনির্দেশনা দেন।



















