তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার (২২ নভেম্বর, ২০২৫) ঢাকায় এসে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। সকাল ৮টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মানসূচক গার্ড অব অনার প্রদান করা হয়।
গার্ড অব অনার গ্রহণের পরপরই শেরিং টোবগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান এবং সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আজ বৈঠক, আলোচনায় সহযোগিতা বৃদ্ধি
সফরের প্রথম দিনে, শনিবার দুপুরে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর একই দিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর একান্ত বৈঠকেরও সময় নির্ধারিত রয়েছে।
একান্ত বৈঠকের পর দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আলোচনার মূল ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে বাণিজ্য ও বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, জ্বালানি ও বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পর্যটন, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, শিল্প এবং অন্যান্য দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়।
জানা গেছে, বাংলাদেশ ভুটানকে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পর্যটন ও ক্রীড়া খাতে সহযোগিতার সুনির্দিষ্ট প্রস্তাব দিতে পারে। একই সঙ্গে, ভুটানে বাণিজ্য সম্প্রসারণ, পানি ব্যবস্থাপনা এবং পেশাদার জনবল নিয়োগ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে সমর্থন চাওয়া হতে পারে। এছাড়া গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা হবে।
তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী আগামী সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন।
০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬
শিরোনাম:
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে: গার্ড অব অনার শেষে স্মৃতিসৌধে শ্রদ্ধা
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:০০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- ৫৫১
সর্বাধিক পঠিত






















