আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (১২ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
সিইসি বলেন, “আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষে নই। ইনফরমেশন ফ্লো (তথ্যের প্রবাহ) চালু রাখতে চাই। রাতের অন্ধকারের ভোট নয়, আমরা চাই স্বচ্ছ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন নির্বাচন।”
সভায় তিনি জানান, নির্বাচনকে সুন্দর ও নিরপেক্ষ করতে কী ধরনের চ্যালেঞ্জ আসতে পারে এবং তা কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় নিরাপত্তা চ্যালেঞ্জ, মব ভায়োলেন্স (গণ-সহিংসতা) এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের মতো বিষয়গুলো উঠে আসে।
সাংবাদিকদের সহযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, “সাংবাদিকদের সংবাদ সংগ্রহে অসুবিধা হবে, এমন কোনো চিন্তা আমাদের নেই। আমরা সাংবাদিকদের সহযোগিতা চাই। আপনাদের পার্টনার হিসেবে পেতে চাই। তবে কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে দয়া করে ‘ফ্যাক্ট চেকিং’ না করে সংবাদ পরিবেশন করবেন না। শেয়ার করার আগে নিশ্চিত হতে হবে ঘটনাটি সঠিক কিনা।”
তিনি আরও বলেন, “আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। মানুষের জন্য ভোটের পরিবেশ সৃষ্টি করতে চাই, যাতে প্রতিটি বাংলাদেশি ভোট দিতে পারেন। আমরা বিদেশে থাকা বাংলাদেশিদের ভোটের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছি, যা আগে ছিল না।”
অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “অস্ত্র উদ্ধারের বিষয়টি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটা নির্বাচন পর্যন্ত চলতে থাকবে। নির্বাচনে যাতে অবৈধ অস্ত্রের ব্যবহার না হয়, সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।”
০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
শিরোনাম:
আমরা রাতের অন্ধকারের ভোট চাই না, চাই স্বচ্ছ নির্বাচন’: সিইসি
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- ৫৭০
সর্বাধিক পঠিত


























