যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৪ নভেম্বর) দিনব্যাপী যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৫৫টি শাড়ি, ১১৭টি কম্বল, ১০টি চাদর, সাড়ে ৩ কেজি জিরা, ৯ প্যাকেট ফুচকা, সাড়ে ৩ কেজি কিসমিস, ৪০টি চাটনি এবং ৩ হাজার ২৭১টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৫৪ হাজার ৬০০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং পাচার চক্রের সদস্যদের আটক করতে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে।
সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




















