যশোর শহরের লালদীঘির পাড় এলাকায় অনুষ্ঠিত যুবলীগের মিছিলে অংশগ্রহণের অভিযোগে রফিকুল ইসলাম রহমত নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শহর যুবলীগের নির্বাহী সদস্য হিসেবে পরিচিত।
গ্রেপ্তার রফিকুল ইসলাম রহমত যশোর শহরের ঘোষপাড়া বিবি রোডের পুলিশ লাইন টালিখোলা এলাকার বাসিন্দা। তিনি মাওলানা আব্দুল কাদেরের ছেলে।
উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলক কুমার দে জানান, রহমত যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি টাক মিলনের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রহমতের বিরুদ্ধে অতীতে মাদক ও অস্ত্রসংক্রান্ত অপরাধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
রোববার দিবাগত মধ্যরাতে যশোর শহরের উপশহর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।















