কক্সবাজারে সন্ধ্যার পর বিনা কারণে বাইরে ঘোরাফেরা করতে দেখা গেলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আটক ও গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনবিষয়ক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। কক্সবাজার জেলা পুলিশ এ সমাবেশের আয়োজন করে।
অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে ডিআইজি বলেন, বর্তমানে সন্তানদের ওপর অভিভাবক ও শিক্ষকদের পর্যাপ্ত নিয়ন্ত্রণ ও নজরদারি নেই। যে বয়সে শিক্ষার্থীদের বই-খাতা নিয়ে পড়াশোনায় ব্যস্ত থাকার কথা, সে বয়সে তাদের বিকেল ও সন্ধ্যায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। বিভিন্ন অঙ্গভঙ্গি করা ও শিস দেওয়ার মতো ঘটনাও ঘটছে। পারিবারিক শাসন ও নজরদারির অভাবেই কিশোর গ্যাংয়ের বিস্তার ঘটছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, কিশোর গ্যাং নির্মূলে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। দেশ থেকে কিশোর গ্যাং সম্পূর্ণ নির্মূল করতে প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। এতে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান এবং জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, কক্সবাজার শহরে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অপরাধ দমনে জেলা পুলিশ সম্প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তবে অপরাধ নিয়ন্ত্রণে শুধু পুলিশের ওপর নির্ভর না করে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।













