দক্ষিণ আফ্রিকায় পাড়ি দিতে গিয়ে দালালদের খপ্পরে পড়ে চার বছর ধরে ভারতের একটি কারাগারে বন্দি রয়েছেন বাংলাদেশের তিন কিশোর। পরিবারগুলোর দাবি, তাদের উত্তর প্রদেশের লখনৌ কারাগারে রাখা হয়েছে। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও তাদের দেশে ফিরিয়ে আনতে না পারায় স্বজনেরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
ভারতের কারাগারে বন্দি থাকা ওই তিন কিশোর হলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোনাইল পক্ষীমারী এলাকার মেহেদি (১৯), মোমিন (১৮) এবং শাওন (১৬)।
দালালদের প্রতারণা ও আটকের ঘটনা
কিশোরদের স্বজনরা জানান, ২০২১ সালে একই গ্রামের দুই মানব পাচারকারী (আদম ব্যবসায়ী) তাদের কম খরচে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়ার লোভ দেখায় এবং প্রত্যেকের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর তারা তিন কিশোরকে ভারতে নিয়ে যায়। সেখানে তাদের জন্য নকল ভারতীয় কাগজপত্র, যেমন— আধার কার্ড, পাসপোর্ট ও ব্যাংক হিসাব তৈরি করে।
এভাবেই তাদের ভারতীয় সাজিয়ে লখনৌ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। ২০২১ সালের ২৭ অক্টোবর লখনৌ পুলিশ তাদের আটক করে। পুলিশের হাতে ধরা পড়ার সময় তাদের কাছ থেকে তিনটি নকল ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড এবং ১২টি এটিএম কার্ড উদ্ধার করা হয়। তবে এ সময় স্থানীয় মানব পাচারকারীরা পালিয়ে যায়।
পরিবারের অসহায়ত্ব
আটক শাওনের বাবা রেজাউল করিম বলেন, “আমার ছোট ছেলেটা কিছুই বোঝেনি। দালালরা তাদের প্রাণনাশের ভয় দেখিয়ে এসব কাজ করিয়েছে। পরে দালালদের বিরুদ্ধে মামলা করা হলেও তারা কৌশলে দক্ষিণ আফ্রিকায় পালিয়ে গেছে, তাই কোনো বিচার পাচ্ছি না।”
আটক মেহেদির বাবা সোনা মণ্ডল জানান, “আমরা গরিব মানুষ, শেষ সম্বল বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠাতে চেয়েছিলাম। কিন্তু দালালদের মিথ্যা প্রলোভনে তারা ভারতে আটক হলো। অনেক চেষ্টা করেও তাদের জামিন বা মুক্ত করতে পারিনি।”
প্রশাসনের কাছে আবেদন
মাদারগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত আলী বলেন, “তাদের মুক্তির জন্য বিজিবি, ভারতীয় দূতাবাসসহ বিভিন্ন সরকারি দপ্তরে বারবার আবেদন ও অনুরোধ করেছি। তারপরও তাদের মুক্তি হচ্ছে না। আমি দ্রুত তাদের মুক্তির দাবি জানাই।”
১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
শিরোনাম:
দক্ষিণ আফ্রিকায় যেতে গিয়ে চার বছর ধরে ভারতীয় কারাগারে বাংলাদেশের তিন কিশোর
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:০০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- ৫৭০
সর্বাধিক পঠিত



























