যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার পেঁচোর বাওর পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পাশে থাকার আশ্বাস দেন।
বিকেল সাড়ে ৪টার দিকে তিনি পূজামণ্ডপে উপস্থিত হন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, অন্যান্য সময়ের তুলনায় এবার ব্যাপক আয়োজনে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা করা সম্ভব, তা করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপন করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সহসভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, নামাজগ্রাম বিএনপির সভাপতি আব্দুল মজিদ, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম এবং শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন বিএনপি নেতারা।
#বেনাপোল #পেঁচোরবাওর #নুরুজ্জামানলিটন #শার্শাবিএনপি #মহাষ্টমী #দুর্গাপূজা #ধর্মীয়সম্প্রীতি #যশোর #শারদীয়দুর্গোৎসব




















