যশোরের শার্শায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে দুই বোতল বিদেশি মদ ও একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কামারবাড়ী ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নয়ন বিশ্বাস (১৯), মাসুদ রানা (১৯) ও প্রদীপ কুমার মণ্ডল (৩০)। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পুলিশের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এলাকায় অপরাধ দমনে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে শার্শা থানা পুলিশ।




















