বেনাপোল প্রতিনিধি:
সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বেনাপোলের ঐতিহাসিক বলফিল্ড ময়দান থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় যায়। পরে মিছিলটি পুনরায় বলফিল্ড ময়দানে ফিরে আসে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
মিছিলে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে নেতৃত্ব দেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, বেনাপোল ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহম্মেদ শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ ও সদস্য সচিব ওমর ফারুখসহ স্থানীয় নেতারা।
সমাবেশে যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ও বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ বক্তব্য দেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সারাদেশে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তারা মনে করেন। যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র প্রতিহত করতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ রয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। গণতন্ত্র ও শান্তির স্বার্থে তাদের রাজনৈতিক কর্মসূচি অব্যাহত থাকবে।
সমাবেশে অন্যান্য বক্তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



















