ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রাথমিক ফলাফলে ইতিহাস গড়ার পথে রয়েছে ইসলামী ছাত্রশিবির। প্রাপ্ত তথ্যে দেখা গেছে, কার্জন হল, ভূতত্ত্ব কেন্দ্র ও একুশে হলে শিবির-সমর্থিত প্রার্থীরা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন। অসমর্থিত সূত্র জানিয়েছে, বাকি আটটি কেন্দ্রের ফলাফলেও তাদের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং হল সংসদের ১৩টি পদে শিক্ষার্থীরা ভোট দেন।
ভোটগ্রহণ শেষে বিভিন্ন হলে উচ্চ হারে ভোটকাস্ট হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৮০.২৪ শতাংশ, অমর একুশে হলে ৮৩.৩০ শতাংশ, ফজলুল হক মুসলিম হলে ৮১.৪৩ শতাংশ, জগন্নাথ হলে ৮২.৪৪ শতাংশ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৮৪.৫৬ শতাংশ, সলিমুল্লাহ মুসলিম হলে ৮৩ শতাংশ, রোকেয়া হলে ৬৫.৫০ শতাংশ এবং বিজয় একাত্তর হলে ৮৫.০২ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এছাড়া সূর্যসেন হলে ৮৮ শতাংশ, শেখ মুজিবুর রহমান হলে ৮৭ শতাংশ, কবি জসীম উদ্দীন হলে ৮৬ শতাংশসহ অন্যান্য হলেও গড়ে ৬৩ থেকে ৮৩ শতাংশ ভোটকাস্ট হয়েছে।



























