মালয়েশিয়া সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতি, মালয়েশিয়া।
সোমবার (২২ জুন) কুয়ালালামপুরের একটি হোটেলের বলরুমে আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেনের পক্ষে দফতর সম্পাদক ও বাংলা টিভির মালয়েশিয়া প্রতিনিধি সাংবাদিক মো. আরিফুজ্জামান এবং প্রচার সম্পাদক ও নাগরিক টিভির মালয়েশিয়া প্রতিনিধি সাংবাদিক বাপ্পি কুমার দাস প্রতিমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন।
ব্যস্ত রাষ্ট্রীয় সফরের কর্মসূচির মধ্যেও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুভেচ্ছা গ্রহণ করেন এবং উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেন এ সৌজন্য সাক্ষাতের সুযোগ করে দেওয়ায় প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “স্বল্প সময়ের জন্য হলেও প্রবাসে বসবাসরত যশোর অঞ্চলের মানুষের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। প্রবাসীদের সঙ্গে সরকারের এই আন্তরিক যোগাযোগ পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।”
নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন।
অনুষ্ঠানে বৃহত্তর যশোর জেলা কল্যাণ সমিতির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। প্রবাসের মাটিতে আয়োজিত এ সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিতরা।
প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।




















