দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর সম্ভাব্য বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ কয়েকটি এলাকায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের কর্মসূচির মাধ্যমে নাশকতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।
এ পরিস্থিতিতে শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার স্বার্থে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলায় এ মোতায়েন কার্যকর থাকবে। আগামী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এদিকে, মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য বিভিন্ন কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতা জোরদার করা প্রয়োজন।
বিশ্লেষকদের মতে, জননিরাপত্তা নিশ্চিত ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেনা মোতায়েনের এ সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।




















